বিএনপি-জামায়াতের দুই নেতা গ্রেপ্তার, আটক ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধা থেকে গতকাল শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর ছয় নেতাকে আটক ও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সহিংসতা ও নাশকতা মামলার আসামি রয়েছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতিসহ দলের ছয়জন নেতাকে গতকাল ঢাকার উত্তরা থেকে আটক করে পুলিশ। সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান বলেন, গতকাল সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে ছয় নেতাকে আটক করে উত্তরা পূর্ব থানার পুলিশ। আটককৃতদের মধ্যে আছেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি এম এ জামান, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, বিএনপির নেতা কামাল হোসেন ও বারদী ইউপির দুই সদস্য। অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সোনারগাঁয়ের বিএনপি নেতাদের বহনকারী মাইক্রোবাস থেকে এক নেতা পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা রয়েছে কি না, যাচাই করে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকায় গতকাল বিকেলে অভিযান চালিয়ে শাখাওয়াত হোসেন (৪০) নামে জেলা জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া শাখাওয়াত দলের রোকন ছিলেন বলে জেলা জামায়াতের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানিয়েছেন। শাখাওয়াত আইডিয়াল হাই একাডেমির সহকারী শিক্ষক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই ও শহর উপপরিদর্শক (টিএসআই) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, শাখাওয়াতের নামে থানায় সহিংসতার মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ। গতকাল ওই বিদ্যালয়ে অবস্থান করার কথা জানতে পেরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ছাড়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের রোকন মামুনুর রশিদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশবাড়ী থানার পুলিশ গতকাল বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মামুনুর রশিদ নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। ওই সব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।