বিএনপি-জামায়াতের ১৭৬ জনের নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদরে হরতাল চলাকালে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দুটি জমা দেয় পুলিশ।
তা ছাড়া পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে একই আদালতে দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ জামায়াত-শিবিরের ১০৭ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত রোববার এ অভিযোগপত্র দেওয়া হয়।
হরতালে নাশকতার মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে পিকেটাররা দুপুর ১২টায় সদর উপজেলার রানীগঞ্জ বাজারে দোকানপাটে হামলা ও ককটেল নিক্ষেপ করে। এ ছাড়া আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়েও ভাঙচুর চালায়। এ ঘটনার দুই দিন পর রবিউল ইসলাম নামে বাজারের এক ব্যবসায়ী কোতোয়ালি থানায় নিয়মিত ও বিস্ফোরক আইনে মামলা করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করে জামায়াত ও বিএনপির স্থানীয় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ফিরোজ খান নুর সরকার ৬৯ জনের বিরুদ্ধে গতকাল দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেনের আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ৬৯ জনের মধ্যে পালিয়ে থাকা ৬৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাকি ছয়জন কারাগারে।
পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ১০৭ নেতা-কর্মীর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি আবু আলা মো. মাহবুবুর রহমান ওরফে ভুট্টু, শহর জামায়াতের আমির তৈয়ব উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সিরাজুল সালেকিন তাজ, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আয়াত উল্লাহ, পার্বতীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজা উর রহমান, চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হবিবর রহমান, বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম কাওসার ও ছাত্রশিবির সভাপতি খোদা বখস, খানসামা উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান প্রমুখ।
মামলার বাদী কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সোবহান বলেন, ২০১৩ সালের ২৮ জানুয়ারি শহরে টহলরত পুলিশের পিকঅ্যাপ ভ্যানে হামলা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কোতোয়ালি থানার সহকারী পরিদর্শক মামুনুর রশিদসহ ১২ পুলিশ সদস্য আহত হন।
কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবুল হাসনাত মামলা দুটির তদন্ত শেষে গত রোববার দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেনের আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন। বিচারক গত সোমবার মামলায় পালিয়ে থাকা ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাকি ৭৩ আসামি উচ্চতর আদালত থেকে জামিনে মুক্ত আছেন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান পিপিএম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।