বিএনপি-জামায়াতের ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার বটতলী এলাকায় ৯ জানুয়ারি রাতে মালবোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় মামলায় বিএনপি-জামায়াতের ৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) গফুর আলী সরকার প্রথম আলোকে জানান, তদন্ত শেষে পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত ৩৩ জনের বিরুদ্ধে গতকাল দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক মো. তৌহিদুল হক চৌধুরী অভিযোগপত্র গ্রহণ করে মামলার পলাতক ২২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এ মামলায় ১১ জন আসামি কারাগারে রয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি রাতে বটতলী এলাকায় রাহবার কোল্ডস্টোরেজের সামনে আসামিরা মালবোঝাই ওই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এতে ট্রাকটির চালক মফিজউদ্দীন (৪২) ও তাঁর সহকারী সুমেজ আলী (২৫) গুরুতর অগ্নিদগ্ধ হন। পরদিন মফিজউদ্দীন বাদী হয়ে বীরগঞ্জ থানায় পৌর জামায়াতের আমির এস এম হাদিউজ্জামান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানসহ বিএনপি-জামায়াতের ২৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে মামলা করেন।