বিএনপি-জামায়াত ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন থেকে গতকাল বুলগেরিয়ার রাজধানী সোফিয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোফিয়ায় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী l ছবি: ফোকাস বাংলা
লন্ডন থেকে গতকাল বুলগেরিয়ার রাজধানী সোফিয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোফিয়ায় বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট বর্তমান সরকারকে উৎখাতে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। দেশের জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে অবস্থানকালে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ।
ইসরায়েলের রাজনীতিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের সরকার উচ্ছেদে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত এখন এতটাই বেপরোয়া, তারা সবাই মিলে এখন আমাকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। সত্য কোনো দিন চাপা থাকে না। বিএনপি-জামায়াত যাদের সঙ্গে হাত মিলিয়েছে, তারা প্রতিনিয়তই ফিলিস্তিনে নারী ও শিশু হত্যা করে যাচ্ছে।’
বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা পোড়া মানুষের লাশের ওপর দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চেয়েছিল।’ সাম্প্রতিক গুপ্তহত্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন তারা মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদরি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেছে বেছে খুন করছে। তারা সম্প্রতি ইউএসএআইডির কর্মকর্তা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাজিনকে হত্যা করেছে এবং ঘটনাকে অতিরঞ্জিত করেছে।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলেন। দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন।
শেখ হাসিনা তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণা করে বলেন, ‘যখন দেশে ফিরে আসলাম, লাখ লাখ মানুষের ভালোবাসা আমাকে সিক্ত করল। কিন্তু আমার সবচেয়ে প্রিয় মানুষটি যাঁর ভালোবাসাই সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল, তিনি সেখানে ছিলেন না।’
প্রবাসী বাংলাদেশি, আওয়ামী লীগের নেতা-কর্মী, স্বাধীনতার সপক্ষের শক্তি, বুদ্ধিজীবী ও দেশের সাধারণ মানুষকে তাঁর পরিবার এবং দলের দুঃসময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।
বুলগেরিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে গতকাল বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা লন্ডন থেকে সোফিয়ার উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি স্থানীয় সময় ১টা ১০ মিনিটে সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ, উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তাঁকে হোটেল মারিনেলা সোফিয়ায় নিয়ে যাওয়া হয়।