বিএনপি-জামায়াত জোটের চক্রান্ত অব্যাহত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করেন l ছবি: বাসস
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করেন l ছবি: বাসস

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোটের চক্রান্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, সরকার শান্তি ও নিরাপত্তা বিধানে অঙ্গীকারবদ্ধ। এ জন্য প্রয়োজনে যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গত ২২ ও ২৩ অক্টোবর দলের জাতীয় সম্মেলনের পর গঠিত আওয়ামী লীগের নতুন কমিটির এটাই প্রথম বৈঠক। এর আগে শেখ হাসিনার নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি, তাদের দোসর এবং এ দেশে অবৈধভাবেÿক্ষমতা দখলকারীরা একজোট হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, দেশের মানুষ যখন শান্তিতে আছে, একটু সুখের মুখ দেখতে আরম্ভ করেছে, বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, বিদেশি বিনিয়োগ আসতে আরম্ভ করেছে, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি, বিশেষ করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে জনমনে যথেষ্ট সচেতনতার সৃষ্টি হয়েছে। কেউই এখন সন্ত্রাস ও জঙ্গিবাদ নামের অশুভ শক্তির উত্থান দেখতে চায় না। সরকার ও জনগণ একযোগে প্রচেষ্টা চালালে বাংলার মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ চিরতরে উচ্ছেদ করা যাবে।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাঁর পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়া পৌঁছান। তিনি দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগের সভাপতি দলের নেতাদের নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‘২০৪১-এ কেমন বাংলাদেশ চান’: আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় ২০৪১ সালে কেমন বাংলাদেশ দেখতে চান, তা লিখিতভাবে জানাতে দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, দলীয় সভাপতি শেখ হাসিনার সূচনা বক্তব্যের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বক্তব্য দেন। তিনি দলের নেতাদের উদ্দেশে বলেন, ২০২১ সাল পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা সরকার বাস্তবায়ন করছে। এখন ২০৪১ সালে কেমন বাংলাদেশ হবে, সেই প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করতে হবে। তাই দলের নেতারা কেমন বাংলাদেশ চান, তা যেন লিখিতভাবে দলের অর্থ সম্পাদকের কাছে জমা দেন।

অবশ্য পরে দলের নেতারা ঠিক করেন, দলীয় প্রধান শেখ হাসিনার কাছেই তাঁরা লিখিত ভাবনা তুলে ধরবেন। এটি যৌথ সভার একটি সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়।

বৈঠক সূত্র জানায়, অর্থমন্ত্রী দলের নেতাদের জনগণের চিন্তার সঙ্গে মিল রেখে নিজেদের ভাবনা দেওয়ার পরামর্শ দেন। এরপর সেসব ভাবনা নিয়ে সভা-সেমিনার করার পরামর্শ দেন তিনি। অর্থমন্ত্রী ২০৪১ সালের জন্য প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করার কথাও জানান।

শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ডা. মিলন হত্যা দিবস, নূর হোসেন দিবসসহ দলের বিভিন্ন কর্মসূচি অনুমোদন করা হয়।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রথম আলোকে বলেন, নতুন কমিটির প্রথম বৈঠকটি ছিল সংক্ষিপ্ত। বৈঠকটি মুলতবি করা হয়েছে। আজ সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মুলতবি বৈঠক বসবে।