বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেনী সদর মডেল থানায় মামলা করা হয়েছে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার মামলাটি করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ প্রথম আলোকে জানান, মামলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক রাসেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কায়সার, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জসীম ও ইউনিয়ন জামায়াতের আমির নাদেরুজ্জামানসহ ৩১ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আসামি রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে বিচারপতির বাড়িতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে বাড়ির আধা পাকা টিনশেড রান্নাঘরের আংশিক পুড়ে যায়। তখন বাড়িটিতে কেউ ছিলেন না। বিচারপতি কাজী রেজা-উল হক সপরিবারে ঢাকায় বসবাস করেন।