ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় চট্টগ্রাম নগর বিএনপি ও জামায়াতের আরও ৪০ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে ও আশপাশের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছিল পুলিশ।
এর আগে গত বুধবার এ মামলায় গ্রেপ্তার হওয়া ৯০ নেতা-কর্মী জামিনে মুক্তি পান। এ পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার ২০০ জন জামিনে মুক্তি পান। ৫ জানুয়ারি সন্ধ্যায় বিএনপি-জামায়াতের ২৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
চট্টগ্রাম নগর বিএনপির নেতারা জানান, গত ৫ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলেও চট্টগ্রামে ২০-দলীয় জোটকে সমাবেশ করতে দেয় পুলিশ। তবে সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় সংঘর্ষে তিন পুলিশসহ ১৫ জন আহত হয়।
সংঘর্ষের পর রাতেই বিএনপি ও জামায়াতের ৩৮৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়। এর আগে ওই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নাসিমন ভবনের সামনে ও আশপাশের এলাকা থেকে ২৯৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তবে ওই সময় পুলিশ দাবি করেছিল, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার বিস্ফোরক ও ভাঙচুর আইনের মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে গত বুধবার সন্ধ্যায় ৪০ জনের জামিননামা উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে কারাগারে আসে। জামিননামা যাচাই-বাছাই করে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
এ মামলায় বিএনপির আইনজীবী ও সাবেক সরকারি কৌঁসুলি কামরুল ইসলাম জানান, ৫ জানুয়ারির মামলায় পুলিশ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ২৯৭ জনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে গতকালের ৪০ জনসহ মোট ২০০ জন জামিনে মুক্তি পেয়েছেন। বাকিরা কারাগারে রয়েছেন।
বিএনপির আইনজীবী জানান, এ মামলার আসামি নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান ও শামসুল আলমসহ ৩৫ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। আর নেতাদের মধ্যে কারাগারে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।