বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত ডিএমপি কমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

উত্তরার ১৬ নম্বর সেক্টরের একটি খাল থেকে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি অস্ত্র বহনে ব্যবহৃত গাড়িটিও। এর মধ্যে এসব অস্ত্রের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত বলে ইঙ্গিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে অস্ত্র উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘এটা কোনো সাধারণ সন্ত্রাসীদের কাজ নয়, এটা সুগভীর চক্রান্ত। যে চক্র ২০১৫ সালে ৯২ দিন দেশের নারী-পুরুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা আন্তর্জাতিক ও দেশীয়ভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন, চলমান উন্নয়ন ও বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, এটা তাদেরই ষড়যন্ত্র ছিল।’
আছাদুজ্জামান বলেন, এই অস্ত্রগুলো দিয়ে দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। অস্ত্রগুলো উদ্ধারের মাধ্যমে নাশকতার পরিকল্পনাটি নস্যাৎ করা গেছে। কারা কী উদ্দেশ্যে অস্ত্রগুলো এনেছিল, এ ব্যাপারে আরও নিশ্চিত হতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল তদন্ত করবে। তিনি বলেন, অস্ত্রগুলো আধুনিক ও নতুন। কেউ ঢাকার বাইরে থেকে অস্ত্রগুলো এনেছে, নাকি ঢাকায় এনে কেউ মজুত করে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রগুলোর গায়ে কোন দেশে তৈরি, সেটা লেখা নেই। এমনকি লট নম্বর ও সিরিয়াল নম্বরও লেখা নেই।

গত শনি ও রোববার উত্তরার ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ি খাল থেকে ৯৭টি পিস্তল, বিপুল গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একজন পুলিশ কনস্টেবল গত শনিবার ওই এলাকায় বেড়াতে গিয়ে একটি কালো রঙের নম্বরবিহীন পাজেরো জিপের সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন। তাঁর কাছে খবর পেয়ে পরে ওই এলাকায় পুলিশ তল্লাশি চালায় এবং খাল থেকে সাতটি ট্রাভেল ব্যাগভর্তি অস্ত্রগুলো উদ্ধার করে। পরদিন ওই খালে তল্লাশি করে একটি কার্টনভর্তি আরও কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গতকাল সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৯৫টি ৭ দশমিক ৬২ বোরের পিস্তল, দুটি দেশীয় পিস্তল (নাইন-এমএম), ৭ দশমিক ৬২ বোরের ১৯২টি ম্যাগাজিন, ১০টি গ্লোক পিস্তলের ম্যাগাজিন, ২৯৫টি এসএমজির ম্যাগাজিন, ১০টি বেয়নেট, ১০৪টি গুলি তৈরির বক্স, ৮৪০টি নাইন এমএম পিস্তলের গুলি, ২১৭টি ৭ দশমিক ৬২ বোরের পিস্তলের গুলি ও ১৮৮টি অস্ত্র পরিষ্কারের রড। এ ব্যাপারে তুরাগ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগর পুলিশ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ব্লগার হত্যার অধিকাংশ মামলা শনাক্ত করাসহ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগরীকে নিরাপদ করতে পুলিশের চেকপোস্ট, অভিযান ও বিভিন্ন ধরনের তল্লাশি অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।