বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত৷ জেলা ও দায়রা জজ অাদালতের বিচারক কিরণ শংকর হালদার গতকাল রোববার এই আদেশ দেন৷
এই মামলাকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন৷ গতকাল সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই প্রতিবাদ জানানো হয়৷
আসামিরা হলেন জেলা জামায়াতের নায়েবে আমির ফরিদুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন, ঝালকাঠি শহর জামায়াতের আমির শাহ জামাল, সেক্রেটারি আবদুল হাই, জেলা শ্রমিককল্যাণ সমিতির সভাপতি নেছারউদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও ছাত্রদল কর্মী গিয়াস সরদার৷
পুলিশ জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ঝালকাঠি শহরের বিশ্বরোডে সরকারি শিশু পরিবারের সামনে যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা৷ এতে পাঁচ যাত্রী আহত হন৷ ওই দিন রাতে বাসচালক রুহুল আমীন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতা-কর্মীর নামে ঝালকাঠি থানায় মামলা করেন৷ এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে৷
ঘটনার মাস দুয়েক পর গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিন পান৷ গতকাল আসামিদের ২১ জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, সেক্রেটারি বি এম আমিনুল ইসলামসহ ১১ জনের জামিন বহাল রেখে ১০ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন৷