বিএনপি-জামায়াতের ১২৬ নেতা-কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. বাহাদুরুজ্জামান তাঁর বাড়ির আঙিনায় ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের ১২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বরুড়া থানায় তিনি মামলাটি করেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে কে বা কারা আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. বাহাদুরুজ্জামানের পৌর শহরের নিজ বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটি বাড়ির সীমানাপ্রাচীরে লেগে বিস্ফোরিত হয়। মামলায় বিএনপি, এর সহযোগী সংগঠন ও জামায়াতের নেতা-কর্মী ও বিভিন্ন ভোটকেন্দ্রের ১০ জন এজেন্টসহ মোট ১২৬ জনকে আসামি করা হয়।
অভিযোগ প্রসঙ্গে বিএনপির মেয়র পদপ্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী ককটেল বিস্ফোরণ ঘটায়নি। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করার পাঁয়তারা চলছে। এ মামলায় আমাদের কয়েকজন এজেন্টকে আসামি করা হয়েছে।’
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।