বিএনপি-জামায়াতের ৩০ নেতা-কর্মী কারাগারে
জয়পুরহাট সদর উপজেলায় দুটি মামলায় বিএনপি-জামায়াত-সমর্থিত ৩০ নেতা-কর্মীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার মামলার আসামিরা জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল বেলা ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পাটের পুকুর গ্রামে জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা একই এলাকার জহুরুল ইসলাম ও সুলতান আহম্মেদসহ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেন। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানার এসআই আবদুল হাকিম বাদী হয়ে ওই দিনই দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পরে এসআই আশিক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ২১ এপ্রিল ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জহুরুল ইসলামও বাদী হয়ে ৬২ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় আরেকটি মামলা করেন। মামলা দুটির আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর তাঁদের মধ্যে ৩০ জন গতকাল স্বেচ্ছায় হাজির হলে আদালতের বিচারক তাজুল ইসলাম মিঞা জামিন নামঞ্জুর করে তাঁদের জেলা কারাগারে পাঠান।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলাটির অভিযোগপত্র দাখিল করা হলেও প্রচলিত আইনে দায়ের করা মামলাটির তদন্ত চলছে।