বিএনপি-জামায়াতের ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও জামায়াতের আমির মো. আবদুল মান্নানসহ ২০-দলীয় জোটের ৮৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. বাহাউদ্দিন কাজীর আদালত থেকে এই পরোয়ানা জারি করা হয়।
আদালত পুলিশ ও জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন জেলা ২০-দলীয় জোট শহরে একটি কালো পতাকা মিছিল বের করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই দিন রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর মিয়া বাদী হয়ে ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ৩০ জুলাই আদালতে ১১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তাঁদের মধ্যে ৩৩ জন বর্তমানে জামিনে আছেন। বাকি ৮৫ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।