বিএনপি-যুবদলের ৫৮ নেতা-কর্মীর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান ও জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো। আদালত আগামী ১৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার অভিযোগপত্রভুক্ত ও জামিনে থাকা ৫৮ আসামিই গতকাল আদালতে হাজির ছিলেন। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন করার যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। এ ছাড়া আসামিরা ওই সময় ঘটনাস্থলে ছিলেন না। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাই আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগ গঠন করার সুযোগ নেই। শুনানি শেষে আদালত অব্যাহতি দেওয়ার আবেদন নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর পল্টন এলাকায় আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে পল্টন থানায় পুলিশ এই মামলা করে।