সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: বিভক্তিই আওয়ামীপন্থীদের পরাজয়ের কারণ
বিএনপি-সমর্থকেরা শীর্ষ দুটিসহ নয়টি পদে জয়ী
দৃশ্যত ঐক্যবদ্ধ বলে মনে হলেও আসলে সরকার-সমর্থক আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে বিভক্তি রয়েই গেছে। আর তাঁদের এই বিভক্তির সুযোগ নিয়ে টানা তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি-জামায়াত জোটপন্থী আইনজীবীরা।
আইনজীবী সমিতির নির্বাচনে এ বছর (২০১৫-১৬) সভাপতি-সম্পাদকের শীর্ষ দুটিসহ নয়টি পদে জয়ী হয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দল-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। বিপরীতে একজন সহসভাপতি ও একজন সহসম্পাদকসহ পাঁচটি পদে জিতেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। টানা দুই দিনের ভোট গ্রহণের পর গতকাল মঙ্গলবার আইনজীবী সমিতির নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলে দেখা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ১ হাজার ৮০৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি পেয়েছেন ১ হাজার ৬২৭ ভোট।
টানা দ্বিতীয়বারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মাহবুবউদ্দিন খোকন। তিনি পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোমতাজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীপন্থী এক আইনজীবী নেতা প্রথম আলোকে বলেন, বর্তমান সময়ে বিএনপি-জামায়াতপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আর আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে পদ ও ক্ষমতা নিয়ে টানাহেঁচড়া চলছে। সরকার ক্ষমতায় থাকলে যা হয় তা-ই।
কথা বলে জানা যায়, সরকার-সমর্থক আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নামে একটি প্যানেলে নির্বাচন করলেও তাঁরা এখনো দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন বাসেত মজুমদার।
আওয়ামীপন্থীরা মনে করেন, আগের চেয়ে অবস্থার উন্নতি ঘটেছে। গত দুটি নির্বাচনেই সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতে জিতেছিলেন বিএনপি-জামায়াতপন্থীরা। এবার ওই তুলনায় বিএনপি-জামায়াতপন্থীদের পদসংখ্যা কমেছে, আওয়ামীপন্থীরা পাঁচটি পদ পেয়েছেন। সরকার-সমর্থক সমন্বয় পরিষদের প্যানেল থেকে আবুল খায়ের সহসভাপতি ও সহসম্পাদক পদে মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী জয়ী হয়েছেন। একই প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন শামীম, এ কে এম দাউদুর রহমান ও অমিত দাশগুপ্ত।
পরাজয়ের কারণ জানতে চাইলে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, মাঠের কর্মীদের সঙ্গে কথা বলে ও ফলাফল বিশ্লেষণ করে পরে তিনি প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মনে করেন, সরকার-সমর্থকদের চেয়ে বিএনপি-জামায়াত অনেক বেশি সংগঠিত। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আওয়ামীপন্থীদের পরাজয়ের পেছনে অনেকগুলো কারণ আছে। গত কয়েক বছর বিএনপি-জামায়াত ভোটার আইনজীবী বাড়িয়েছে। এ ছাড়া নির্বাচনে প্রার্থী ও পরিকল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নির্বাচনের ১৫ দিন আগে প্রার্থী ঘোষণা করলে হবে না। আগামী নির্বাচনে জিততে গেলে এখন থেকেই মাঠে নামতে হবে। এ জন্য ‘সংস্কার’ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
কোথায়, কী ধরনের সংস্কার প্রয়োজন? জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘সেটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। দেখি চিন্তাভাবনা করে।’
সভাপতি-সম্পাদক ছাড়া সমিতির আরও সাতটি পদে জিতেছেন বিএনপি-জামায়াতপন্থীরা। তাঁরা হলেন: সহসভাপতির আরও দুটি পদে এ এস এম মোক্তার কবির খান ও মাজেদুল ইসলাম পাটওয়ারী; কোষাধ্যক্ষ পদে শওকত আরা বেগম দুলালী; সদস্য পদে শামীমা সুলতানা, আনোয়ারুল ইসলাম, মির্জা আল মাহমুদ ও মো. জসিম সরকার।
কয়েক দিন আগে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনেও সরকার-সমর্থক আইনজীবীদের ভরাডুবি হয়েছে। সেখানে ২৫টি পদের মধ্যে বিএনপি-জামায়াতপন্থীরা ২০টি পদে জয়ী হন।
বিজয়ের নেপথ্যের কারণ সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবু উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, দেশে গণতন্ত্র নেই। থাকলে তা আওয়ামী স্টাইলের গণতন্ত্র। মানুষ মনে করছে, বিচার বিভাগ স্বাধীন নয়। আইনের শাসন নিয়ে সন্দিহান, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনজীবীরা হয়রানির সম্মুখীন। সব মিলিয়ে এই অরাজক অবস্থার বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।