বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী এ এস এম কাওছার আহম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মধ্য পাইকপাড়ার বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানা বিএনপির সহসভাপতি কাওছার ঢাকা উত্তরের ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন খান প্রথম আলোকে বলেন, বিকেলে মধ্য পাইকপাড়ার বাসার সামনে থেকে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের পাঁচটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে কাওছারকে গ্রেপ্তার করা হয়।
তবে কাওছারের নির্বাচনী জনসংযোগে থাকা বিএনপির একজন নেতা জানান, মধ্য পাইকপাড়া বড় মসজিদ থেকে আসরের নামাজ পড়ে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন কাওছার। হঠাৎ করেই পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। নিজেকে তিনি প্রার্থী বললেও পুলিশ কর্ণপাত করেনি।
কাওছারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এবং সদস্যসচিব শওকত মাহমুদ।