ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। চেয়ারম্যানকে অপসারণের জন্য তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা মধ্যে তারা নগরকান্দা উপজেলা সদরে সভা ও বিক্ষোভ মিছিল করে।
নগরকান্দা ও সালথা উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে এসব কর্মসূচি পালিত হলেও নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা ও আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।
শাহীনুজ্জামানের অপসারণের দাবিতে সকাল ১০টার দিকে নগরকান্দা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চর যশোহরদী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক খন্দকার ওহিদুল বারী, ডাঙ্গি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার ফকির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ।
সভা শেষে বেলা ১২টার দিকে কার্যালয় থেকে একটি মিছিল উপজেলা চত্বরে যায়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যানের নামফলক থেকে শাহীনুজ্জামানের নাম সরিয়ে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান আনিসুর রহমানের নাম বসিয়ে দেন।
সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে প্রথম স্বাক্ষরটি ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। স্মারকলিপিতে চেয়ারম্যান শাহীনুজ্জামানকে ‘নির্লজ্জ, উদ্ধত, অদক্ষ, অশিক্ষিত ও অযোগ্য’ আখ্যায়িত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ তাঁকে অপসারণরে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।
আওয়ামী লীগের দাবি প্রসঙ্গে চেয়ারম্যান শাহীনুজ্জামান বলেন, ‘আমি গত রোববারের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ উপনেতা সম্পর্কে কোনো কটূক্তি করিনি বা ইউপি চেয়ারম্যানদের চোর বলিনি। ইউএনও নিজের অপকর্ম থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের উত্তেজিত করেছেন।’
এ ব্যাপারে ইউএনও আবদুল আজিজ বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সংসদ উপনেতাকে কটাক্ষ করে কথা বলায় ও ইউপি চেয়ারম্যানদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সর্বস্তরের জনতা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এ ছাড়া তাঁকে অপসারণের জন্য আমার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।’
‘এ ব্যাপারে আমার কোনো ইন্ধন নেই’ দাবি করে ইউএনও বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চেয়ারম্যান কী বলেছেন তা ওই সভায় উপস্থিত সবাই জানেন।’
গত রোববারের সভায় চেয়ারম্যান শাহীনুজ্জামান ইউএনওর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানদের নিয়ে কথা বলেন। এ নিয়ে মঙ্গলবার প্রথম আলোয় ‘ইউএনওর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।