দুই দফা স্থগিতের পর অবশেষে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম মেয়র পদে ৬ হাজার ১৬৪ ভোট পেয়ে এবং ছামছুল ইসলাম প্রামানিক ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গাবতলী পৌরসভার মেয়র মোরশেদ মিলটন গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর পদটি শূন্য হয়। অন্যদিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাকের মৃত্যুর কারণে শূন্য হয় ওই ওয়ার্ডের কাউন্সিলরের পদ।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ প্রথম আলোকে জানান, মেয়র পদে উপনির্বাচনের জন্য প্রথমে চলতি ছরের ২৬ জুন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রচারণা শেষে ভোট গ্রহণের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু সীমানা জটিলতা নিয়ে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করলে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এক দিন আগে নির্বাচন স্থগিত করে। এরপর স্থগিতাদেশ শেষে ২৫ অক্টোবর ভোট গ্রহণের জন্য আরেক দফা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সব আয়োজন শেষে এবারও এক দিন আগে নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচন স্থগিত হয়ে যায়।
নির্বাচন কমিশনের নির্দেশে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাজেদা ইয়াসমিন মেয়র পদসহ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনের জন্য তৃতীয়বারের মতো তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার পৌরসভার নয়টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।
এদিকে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থীর মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ব ী বিএনপির আরেক প্রার্থী আব্দুল লতিফ। তিনি ৬৯৯ ভোট পেয়েছেন।