বিএনপি-সমর্থিত প্রার্থীকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর একজনকে পুলিশ, প্রশাসন ও প্রতিপক্ষ লোকজন হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল রোববার একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মেয়র পদে উপনির্বাচনে ৬ মে ভোট হবে। এতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মো. রায়হান উদ্দিন ও বিএনপি-সমর্থিত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। এর মধ্যে পুলিশ, প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে রোববার অভিযোগ দেন আসাদুজ্জামান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলাকায় তাঁকে প্রচারণা চালাতে দিচ্ছেন না। তাঁর নারী কর্মীদের গালাগাল করা হচ্ছে। সেই সঙ্গে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। তাঁর কর্মীদের কাছ থেকে প্রচারপত্র কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, গত ২৯ এপ্রিল তাঁর কর্মী আজাদ হোসেন (২৮) এবং ১ মে আরেক কর্মী মিরাজুল ইসলাম মুন্সীকে আটক করে (৩৫) ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ ওই দুজনকে চার সপ্তাহ করে কারাদণ্ড দেন। এ ছাড়া গত শনিবার তিনি নগরকান্দা পৌর এলাকার জুঙ্গুরদিতে নির্বাচনী প্রচারণায় গেলে বিপক্ষ দলের কর্মীরা তাঁকে অবরুদ্ধ করে হত্যার হুমকি দেন।
অভিযোগ অস্বীকার করে রায়হান উদ্দিনের ছেলে আল-আমিন বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো পোস্টার ছিঁড়িনি বা তাঁর (আসাদুজ্জামান) কর্মীদের বাধা দিইনি।’
এদিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসার উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনী প্রচারণায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
অভিযোগ প্রসঙ্গে ইউএনও আবদুল আজিজ বলেন, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ যাতে বজায় না থাকে সে জন্য আজাদ ও মিরাজ কাজ করছিল। নির্বাচনের পরিবেশ রক্ষার স্বার্থেই তাঁদের সাজা দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারণায় আসাদুজ্জামানের যাতে কোনো সমস্যা না হয় সে দিকে নজর রাখা হবে। পাশাপাশি তাঁর সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।