কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৫-২০১৬ সালের নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ ১০টি পদে জয়ী হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী-সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাতটি পদে জয়ী হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় সমিতির কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. শরীফুল ইসলাম ওই ফল ঘোষণা করেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ীরা হলেন সভাপতি পদে মোহাম্মদ ইসমাইল, সহসভাপতি মনোয়ারা বেগম ও সিদ্দিকুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ ইকরাম হোসেন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া, এনরোলমেন্ট সম্পাদক গাজী মো. নজরুল ইসলাম, সহকারী এনরোলমেন্ট সম্পাদক মোহাম্মদ এনামুল হক সরকার, আমোদ, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক ইফতেখার হোসেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সদস্য পদে সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও আনোয়ার হোসেন জয়ী হন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সদস্য আনোয়ারুল হক, তাহমিনা মোজাহিদ, জয়দেব চন্দ্র সাহা, শ্যামলী পাল ও মোহাম্মদ সেলিম মিয়া।
গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনজীবী ভবনে ওই নির্বাচন হয়। সমিতির ৮৩২ জন ভোটারের মধ্যে ৭৯৮ জন ভোট দেন। ১৭টি পদে দুটি প্যানেল থেকে ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এ নির্বাচনে।