বিএনসিসি সদস্যকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি সদস্য রাশেদুল ইসলামকে মারধরের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার এ কমিটি গঠন করা হয়।
গতকাল রোববার বিএনসিসির নৌ শাখার ক্যাডেট সদস্য এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র রাশেদুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। রাশেদুলের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী তার ওপর হামলা চালিয়েছেন। রাশেদুল বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির পরিচালক ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অপর দুই সদস্য হলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীম হোসেন। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।
আরও পড়ুন...