বিএনসিসির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের উদ্যোগে ও ১ মহাস্থান ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের বিএনসিসির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রেজিমেন্ট, ব্যাটালিয়ন ও কোম্পানি সদর দপ্তরগুলোয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। এ উপলক্ষে রাজশাহী সরকারি কলেজের ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে আরবার কলেজ চত্বরে ফিরে আসে। এতে রাজশাহী অঞ্চলের সামরিক কর্মকর্তা, বিএনসিসি কর্মকর্তা, সামরিক প্রশিক্ষক ও ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ ক্যাডেট অংশ নেন। শোভাযাত্রা শেষে কলেজ চত্বরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের শোভাযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে বের করা হয়। এতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ক্যাডেট অংশ নেন।