প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধির ওপর হামলা
বিএফইউজে, ডিইউজের নিন্দা ও তিন উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ
প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে। গতকাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( ডিইউজে) নেতারা বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন। এ ছাড়া রামগতি ও কমলনগর প্রেসক্লাবের সাংবাদিক এবং রায়পুর বন্ধুসভার সদস্যদের পাশাপাশি রাজনৈতিক নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।গতকাল বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন গতকাল এক বিবৃতি বলেন, আওয়ামী লীগ নেতা এম এ তাহেরের সাংবাদিক নাজেহালের ঘটনা নতুন নয়। ১৯৯৬ সালে তিনি কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা চালাতেন। তাঁর কোনো বিচার না হওয়ায় এখনো অপকর্ম অব্যাহত রেখেছেন।রায়পুর শহরে গতকাল সোমবার প্রতিবাদ সভায় বন্ধুসভার সদস্যরা হামলার নিন্দা এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া নিন্দা জানিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপিদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। রায়পুর প্রেসক্লাবের সভাপতি জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা এ ঘটনার নিন্দা জানাই।’ প্রজন্ম ৭১’ রায়পুর শাখার সভাপতি মামুনুর রশিদ বলেন, হামলা করে অতীতে কোনো সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করা যায়নি। ভবিষ্যতেও করা যাবে না। হামলার ঘটনায় কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে রোববার বিকেলে প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান, সহসভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হেলাল, অর্থ সম্পাদক ইউসুফ আলী, অফিস সম্পাদক মো. জায়েদ হোসেন প্রমুখ।এ ছাড়া গতকাল বিকেলে রামগতি প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য শাজাহান তালাসী, কাজী দিদার প্রমুখ। লক্ষ্মীপুর শহরে গণপূর্ত বিভাগের জমি দখল করে পৌর মার্কেট নির্মাণ করার জন্য টাঙানো সাইনবোর্ডের ছবি তুলতে গেলে গত শুক্রবার পৌর মেয়র এম এ তাহের এম জে আলমকে মারধর করেন।