বিএফইউজে একাংশের নতুন কমিটি গঠন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি (২০১৬-১৭) এই কমিটিতে গোলাম মহিউদ্দিন খান সভাপতি ও সৈয়দ মেসবাহ উদ্দিন মহাসচিব পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএফইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে তিনজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আলম, ফজলুল হক ভূঁইয়া ও মনির উদ্দীন আহমেদ। তিনজন সহকারী মহাসচিব হয়েছেন মহিদুল ইসলাম, আবদুর রহিম ও সাইদুল হোসেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মাসুদ উল হক নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আরও সাতজন।
সৈয়দ মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন বিএফইউজের সাবেক মহাসচিব সৈয়দ জাফর, সাংবাদিক নেতা আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, গোলাম মহিউদ্দিন খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহসভাপতি আমীরুল ইসলাম কাগজী, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
বক্তারা পেশার মর্যাদা রক্ষায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিএফইউজের এই অংশটি বিএনপিপন্থী হিসেবে পরিচিত। বিএনপি-জামায়াতপন্থীদের আরেকটি অংশ আছে।