বিএফইউজে ও ডিইউজের বিবৃতি
সাংবাদিক, গণমাধ্যমকর্মী, চট্টগ্রাম প্রেসক্লাবে বোমা হামলা ও রাজনীতির নামে জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, বিরোধী দলের অবরোধ কর্মসূচির নামে সহিংসতা, গণমাধ্যম ভবন ও গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা, বিচ্ছিন্ন বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও সাংবাদিকদের আটক করে পেশাগত কাজে পুলিশের বাধা দেওয়া হচ্ছে। নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা সম্প্রতি বিরোধী দলের অবরোধ ও হরতাল কর্মসূচিতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের আহ্বান জানান। পাশাপাশি যেসব রাজনৈতিক দলের ডাকে অবরোধ ও হরতাল কর্মসূচি পালিত হচ্ছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে নিশ্চিত করতে হবে আর যাতে কোনো গণমাধ্যমকর্মী ও গণমাধ্যম ভবনের ওপর হামলার ঘটনা না হয়। বাসস।