বিএফইউজের একাংশের নির্বাচনে যাঁরা জিতলেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক নির্বাচনে আলতাফ মাহমুদ সভাপতি ও ওমর ফারুক মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আলতাফ মাহমুদ ১০৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৯৭৪ ভোট।
দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মহাসচিব নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, তাঁর প্রাপ্ত ভোট ৮৬৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোল্লা জালাল, প্রাপ্ত ভোট ৮২২।
সহসভাপতি পদে জাফর ওয়াজেদ, যুগ্ম মহাসচিব পদে অমিয় ঘটক পুলক এবং কোষাধ্যক্ষ পদে মধুসূদন মণ্ডল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, মফিদা আকবর, স্বপন দাশগুপ্ত ও শফিউদ্দিন আহমেদ।
দেশের ১০টি সাংবাদিক ইউনিয়নের সদস্যরা সরাসরি ভোট দিয়ে নতুন কমিটির নেতা নির্বাচিত করেন। চট্টগ্রাম বিভাগে সহসভাপতি পদে শহীদুল আলম, রাজশাহী বিভাগে প্রদীপ ভট্টাচার্য শংকর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত) এবং খুলনা বিভাগে মনতোষ বসু নির্বাচিত হয়েছেন। বিভাগওয়ারি যুগ্ম মহাসচিব পদে বিজয়ী হয়েছেন চট্টগ্রামে তপন চক্রবর্তী, রাজশাহীতে জি এম সজল এবং খুলনায় মোজাম্মেল হক হাওলাদার।
সংশোধনী: বার্তা সংস্থা ইউএনবির বরাত দিয়ে গত রোববার প্রথম আলোর ৮ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত খবরে বলা হয়, বিএফইউজের কোষাধ্যক্ষ পদে মো. আতাউর রহমান নির্বাচিত হয়েছেন। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ওই পদে মধুসূদন মণ্ডল ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। আতাউর পেয়েছেন ৯৮৭ ভোট।