স্বাধীন সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত সম্প্রচার নীতিমালা প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ। সংগঠনটি জানিয়েছে, নীতিমালার কিছু ধারা বা নির্দেশনা ভয়ংকর, অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার বিএফইউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সাংবাদিকদের এই ইউনিয়ন সরকারের সম্প্রচার নীতিমালাকে সত্যিকার অর্থে নীতিমালা বলতে রাজি নয়। সংগঠনের নেতারা মনে করেন, এটি নীতিমালা প্রণয়নের ‘গাইডলাইন’ হতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীন সম্প্রচার কমিশনই অংশীজনদের সঙ্গে পরামর্শ করে নীতিমালা প্রণয়ন করবে। এ জন্য কমিশনকে সময় বেঁধে দিতে হবে। স্বল্প সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের নিয়ে সেই সম্প্রচার কমিশন গঠনের দাবি জানান সাংবাদিক নেতারা।
লিখিত বক্তব্যে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, তিনি সম্প্রচার নীতিমালা প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন। তবে তিনি নিজে এ কমিটির সদস্য হিসেবে লিখিতভাবে যে মতামত দিয়েছিলেন তার মূল বিষয়গুলোর প্রতিফলন খসড়ায় ছিল না। এমনকি চূড়ান্ত করার পর কমিটির সদস্য হিসেবে তিনি খসড়াটির চেহারা জানতে পারেননি। চূড়ান্ত খসড়ার কপি কমিটির সদস্যরা নিজ দায়িত্বে সংগ্রহ করেছেন।
নীতিমালা তৈরির উদ্যোগটি সাংবাদিকদের দাবির ফসল উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদনের পর যা দেখা যাচ্ছে, তাতে কোনো কোনো বিষয়ে উদ্বেগ থেকেই যায়। সম্প্রচার কমিশন-সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, সম্প্রচার ও সম্প্রচার কমিশন-সম্পর্কিত আইন ও বিধিমালা না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় সম্প্রচার সংশ্লিষ্ট সব বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এ প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রচার কমিশন কত দিনের মধ্যে গঠন করা হবে তা উল্লেখ নেই। তাই এ কথা বলার সুযোগ আছে যে মন্ত্রণালয় বাড়তি ক্ষমতা প্রয়োগের জন্যই নীতিমালাটি করেছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে নীতিমালাটি অবিলম্বে কার্যকর করার উদ্যোগের মধ্য দিয়ে সেই বার্তাটি দেওয়া হচ্ছে কি না, সে প্রশ্ন উঠতে পারে। এটি দেশে-বিদেশে ভুল বার্তা দেবে বলেও বিএফইউজে মত দিয়েছে।
কমিশন গঠন, চেয়ারম্যানসহ কারা কমিশনে থাকবেন, তাঁদের যোগ্যতা কী হবে, কত দিনের মধ্যে কমিশন হবে ও কমিশন গঠনে অনুসন্ধান কমিটির কাঠামো কেমন হবে—এসব বিষয় নির্দিষ্ট না করায় সমালোচনা করা হয়। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, নীতিমালায় কমিশনের কর্মপরিধি বিস্তৃত করা হয়েছে, কিন্তু কাঠামো বিন্যাস বিস্তৃত করা হয়নি।
সম্প্রচার নীতিমালা অনুযায়ী সশস্ত্র বাহিনী বা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল অন্য কোনো বাহিনীর প্রতি কটাক্ষ, বিদ্রূপ বা অবমাননাকর বক্তব্য ও দৃশ্য প্রদর্শন করা যাবে না। একই সঙ্গে অপরাধীদের দণ্ড দিতে পারেন এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতো বক্তব্য দেওয়া বা দৃশ্য দেখানো যাবে না।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএফইউজে নেতারা বলেন, এই নির্দেশনা তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব কর্মকর্তাদের জড়িত থাকার প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা বলেন, এ ধরনের ঘটনা অবশ্যই প্রচার করতে হবে। দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তা-ও প্রচার করতে হবে।
নীতিমালায় বলা আছে, প্রতিটি সম্প্রচার প্রতিষ্ঠানকে সম্প্রচার নীতিমালার আলোকে সম্পাদকীয় নীতিমালা প্রণয়ণ করতে হবে। এর বিরোধিতা করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ নির্দেশনাটি ভয়ংকর ও অগ্রহণযোগ্য। এটি দেশে ও বিদেশে ভুল বার্তা দেবে। কারণ, সরকারি নির্দেশনায় কখনোই কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা তৈরি হয় না।
আলোচনামূলক অনুষ্ঠানে (টক শো) কোনো বিভ্রান্তিকর তথ্য বা উপাত্ত দেওয়া পরিহার করার নির্দেশনার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো গণমাধ্যম যদি বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা উপাত্ত দেয় তা সংশোধন করার সুযোগ রয়েছে। আর সংশোধন না করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সুতরাং, এটি নীতিমালায় রাখার কোনো প্রয়োজন নেই।
নীতিমালায় বন্ধুভাবাপন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে—এমন দৃশ্য ও বক্তব্য প্রচারে বিধিনিষেধের সমালোচনা করে বলা হয়, সাংবিধানিকভাবে নিষ্পত্তি করা বিষয় কোনো নীতিমালায় সংযোজনের সুযোগ নেই।
সংবাদ, অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচারে বাধ্যতামূলকভাবে কিছু বিধিনিষেধ মানতে বলা হয়েছে নীতিমালায়। বিএফইউজে বলেছে, ‘সম্প্রচারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অনুসরণীয় করার বিষয়টি আমরা অগ্রহণযোগ্য বলে মনে করি।’
সম্প্রচারের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ও নীতিমালা সমুন্নত রাখতে বলা হয়েছে নীতিমালায়। বিএফইউজে বলেছে, বাংলাদেশের সব গণমাধ্যম এই মৌলিক বিষযগুলো মেনে চলবে। এটা কোনো নীতিমালা করে বলার বিষয় নয়।
বিজ্ঞাপনের বিষয়ে বিধিনিষেধের সমালোচনা করে বলা হয়, এ বিষয়ক শর্তাবলী বিজ্ঞাপন দাতা ও সম্প্রচার প্রতিষ্ঠানের চুক্তি। এই দ্বিপক্ষীয় চুক্তি কখনো নীতিমালার অংশ হতে পারে না।
মনজুরুল আহসান বুলবুল বলেন, এই নীতিমালা নিয়ে অনেকে রাজনৈতিকভাবে সমালোচনা করছেন। কেউবা না জেনে বক্তব্য দিচ্ছেন। গণমাধ্যমকর্মীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, বিএফইউজের সদস্যদের স্বার্থে তথা গণমাধ্যমের স্বার্থে এই বক্তব্য তাঁরা তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি উৎপল সরকার, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল প্রমুখ।
আরেক অংশের বিক্ষোভ সমাবেশ: ঘোষিত নীতিমালা বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের অপর অংশ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারবিরোধী হিসেবে পরিচিত এই দুটি ইউনিয়ন একই দাবিতে গত মঙ্গলবারও বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী বলেন, সরকার অনুগত ও তল্পিবাহক গণমাধ্যম চায়। এই নীতিমালা হওয়ায় সরকার যেভাবে চাইবে, সেভাবেই সংবাদ প্রচার করতে হবে। তাই এই নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।
বিএফইউজের এই অংশের সহসভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা এম এ আজিজ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, আবদুস শহীদ, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
সংবাদ, অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচারে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে গত সোমবার মন্ত্রিসভায় জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন পায়। গত বৃহস্পতিবার নীতিমালার গেজেট প্রকাশ করা হয়।