বিএফইউজের সভাপতি পদে উপনির্বাচন আজ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি পদে উপনির্বাচন আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সারা দেশের প্রায় ৩ হাজার ৮০০ ভোটার আজকের এই নির্বাচনে ভোট দেবেন।
এই নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মনজুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভূঁইয়া ও অশোক চৌধুরী। গত ২৪ জানুয়ারি নির্বাচিত সভাপতি আলতাফ মাহমুদ ইন্তেকাল করায় ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হলেও তা শেষ মুহূর্তে কেটে গেছে। উপনির্বাচন স্থগিত করে চট্টগ্রামের একটি আদালত যে স্থগিতাদেশ দিয়েছিলেন, তা গতকাল বৃহস্পতিবার তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
কক্সবাজারের দুই সাংবাদিকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ জুলাই চট্টগ্রামের প্রথম শ্রম আদালত এই নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের।
রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।