বিএফইউজের সভাপতি পদে উপনির্বাচনে বাধা নেই
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে উপনির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই।
এ নির্বাচন স্থগিত করে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের দেওয়া আদেশ আজ বৃহস্পতিবার স্থগিত করেছেন হাইকোর্ট।
উপনির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে থাকা কমিশনের পক্ষে আনা আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। কাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
ভোটার তালিকা সংশোধনের জন্য আনা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের প্রথম শ্রম আদালত বিএফইউজের নির্বাচন স্থগিত করে ২৪ জুলাই আদেশ দেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন এ নির্বাচনের জন্য গঠিত কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ মৃত্যুবরণ করায় সংগঠনটির শুধু সভাপতি পদে উপনির্বাচন হচ্ছে।