বরিশাল বিএম কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজন শিক্ষককে ছাত্রলীগের কয়েকজন কর্মী মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর কলেজের স্টাফ কাউন্সিল জরুরি বৈঠক করে দুই ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কলেজ সূত্রে জানা যায়, বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের কয়েকজন ছাত্র বনভোজনের আয়োজন করতে একটি কমিটি গঠন করে। কমিটিতে বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আজমল হোসেনকে না রাখায় তিনি ক্ষিপ্ত হন। এ নিয়ে গত শনিবার সকালে মামুনের সঙ্গে আজমলের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টায় আজমল ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী নিয়ে মামুনকে ধাওয়া করেন। মামুন দৌড়ে বিভাগের চেয়ারম্যান বন্দে আলী হাওলাদারের কক্ষে আশ্রয় নেন। কিছুক্ষণ পর আজমল তাঁর দলবল নিয়ে চেয়ারম্যানের কক্ষে গিয়ে মামুনকে মারধরের চেষ্টা চালান এবং চেয়ার-টেবিল ভাঙতে শুরু করেন। এ সময় বিভাগের চেয়ারম্যান বন্দে আলী হাওলাদার, সহযোগী অধ্যাপক আশীষ কুমার রায়, সহকারী অধ্যাপক আবদুস সবুর হাওলাদার আজমলকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ পর্যায়ে আজমল ও তাঁর সঙ্গীরা শিক্ষকদের ওপর হামলা চালান। তাঁরা তিন শিক্ষককে কিল-ঘুষি মারেন এবং চেয়ারের ভাঙা অংশ দিয়ে তাঁদের আঘাত করেন। এতে আশীষ কুমার রায় গুরুতর আহত হন। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুই শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওই ঘটনার পর দুপুর দেড়টায় স্টাফ কাউন্সিলের সভা আহ্বান করে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঘটনায় সরাসরি জড়িত দুই ছাত্র আজমল ও মামুনকে স্থায়ীভাবে বহিষ্কারের (রাজ টিকিট) সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঘটনা তদন্তে তিনজন শিক্ষককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই দুই ছাত্রকে গতকাল সন্ধ্যার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অবশ্য হামলার ঘটনার পর ওই দুই ছাত্রের কেউই ছাত্রাবাসে যাননি। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও আজমল হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, অধ্যক্ষ অছাত্র নেতাদের মদদ দেওয়ায় আজ এ ঘটনা ঘটল। এর আগে ওই ছাত্ররা কলেজের একাধিক শিক্ষককে লাঞ্ছিত করলেও অধ্যক্ষ তাঁদের নিজের কাছে রাখার জন্য শুধু তদন্ত কমিটি গঠন করে দায়িত্ব শেষ করেছেন। আগের ঘটনাগুলোয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আজকের ন্যক্কারজনক এই ঘটনা ঘটত না। আহত শিক্ষক বন্দে আলী হাওলাদার অভিযোগ করেন, ‘আজমল আমার কক্ষে এসে মামুনকে মারতে উদ্যত হলে আমি ও আমার সহকর্মীরা তাকে বাধা দিই। এ সময় আজমলসহ ১৫-২০ জন অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বুকে ও পিঠের বাঁ-পাশে কিল, ঘুষি মেরেছে। অপর দুই শিক্ষককে লাথি মারে ও চেয়ারের ভাঙা অংশ দিয়ে আঘাত করে।’ বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাতেমা মমতাজ দাবি করেন, ‘আল মামুন আমাদের কর্মী ছিল। কিন্তু আজমল ছাত্রলীগের কর্মী নন। আর ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।’ কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, ‘দুই দল ছাত্রের মধ্যে হামলার ঘটনা ঘটে। শিক্ষকেরা ওই ঘটনা মীমাংসা করতে গেলে ছাত্র পরিচয়ধারী সন্ত্রাসীরা শিক্ষকদের মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাদের মদদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।’ছাত্রকে কুপিয়ে জখম: ওই ঘটনার পর দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে বহিরাগত একদল সন্ত্রাসী হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সজীবকে কুপিয়ে জখম করে। কী কারণে তাঁর ওপর আক্রমণ করা হয়েছে, তা জানা যায়নি। আহত সজীবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।