বিএম কলেজের ছাত্রী হত্যা মামলায় যাবজ্জীবন
ঝালকাঠির নলছিটিতে বরিশাল বিএম কলেজের ছাত্রী শারমিন আক্তার হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মেহেদী হাসান ওরফে দুদু মিয়া। তিনি নলছিটির তিমিরকাঠি গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় দেন।
২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি আসামি শারমিনকে গলার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ ঘটনায় শারমিন ওই রাতে মারা যান। পরে শারমিনের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে নলছিটি থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রায়ই দুদু মিয়া শারমিনকে প্রেম নিবেদন করতেন এবং মুঠোফোনে বিভিন্নভাবে বিরক্ত করতেন।
২০১৩ সালের ৩ মার্চ দুদু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জানান, ভাঙা গ্লাস দিয়ে তিনি শারমিনকে আঘাত করেন। সে অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে গ্লাসটি উদ্ধার করে। ওই বছরের ৩০ এপ্রিল মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম আলম খান কামাল বলেন, মামলার রায়ে আদালত উল্লেখ করেন সাক্ষ্য–প্রমাণে আসামি দুদু মিয়ার সঙ্গে শারমিন আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ঘটনার পূর্বে তাঁদের সম্পর্কের অবনতি হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এ রায় দেন।