বিএম কলেজের সম্পত্তি রক্ষার দাবিতে মিছিল, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের নামে দখলীয় সম্পত্তি বেদখল হওয়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। এই সম্পত্তি রক্ষার দাবিতে তারা গতকাল রোববার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে মিছিল এবং সামনের সড়ক অবরোধ করে।শিক্ষার্থীরা জানায়, অর্ধশতাধিক বছর ধরে নগরের কবি জীবনানন্দ দাশ (বগুড়া) সড়কে অবস্থিত কুঞ্জ বিহারি মেমোরিয়াল (লালু ভবন) বিএম কলেজের দখলে রয়েছে। ভুয়া ডিক্রিমূলে ওই সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে ওঠে প্রভাবশালী একটি পরিবার। ওই সম্পত্তি রক্ষা করতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।কলেজ সূত্রে জানা গেছে, নগরের কবি জীবনানন্দ দাশ সড়কের এক একর সম্পত্তির ওপর অবস্থিত কুঞ্জ বিহারি মেমোরিয়ালের মালিক ছিলেন সাবেক জেলা জজ কুঞ্জ বিহারি ঘোষ। তিনি ১৯৪৮ সালে পরিবারসহ ভারতে চলে যান। ১৯৬০ সালের ২৯ এপ্রিল কুঞ্জ বিহারি ঘোষ মারা যান। তিনি মারা যাওয়ার আগে ১৯৫৮ সালে লালু ভবন সরকার রিকুইজিশন (হুকুম দখল) নিয়ে সেখানে বিএম কলেজের শিক্ষকদের থাকতে দেয়।১৯৬৪ সালে মৌখিক পত্তনের ভিত্তিতে নগরের বাসিন্দা মাহবুবুন্নেছা ওই সম্পত্তির মালিকানা দাবি করেন। পরে তাঁর পক্ষে তাঁর ছেলে সৈয়দ জিয়াউদ্দিন আহম্মেদসহ ৮-১০ জন ওই সম্পত্তি তাঁদের দাবি করে সহকারী জজ আদালতে মামলা করেন। ১৯৯০ সালে আদালত বিএম কলেজের বিপক্ষে রায় দেন। একই বছর কলেজের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করা হয়। ওই আপিলে কলেজের পক্ষে রায় হয়। ওই রায়ের বিরুদ্ধে জিয়াউদ্দিন হাইকোর্টে আপিল করেন। বর্তমানে ওই আপিলের শুনানি চলছে।কলেজ কর্তৃপক্ষ জানায়, কুঞ্জ বিহারির ওয়ারিশদের কাছ থেকে ওই সম্পত্তির আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) এনে ১৯৯২ সালে কলেজের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আমমোক্তারনামা হস্তান্তর করেন আইনজীবী মানবেন্দ্র বটব্যাল।কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস দাবি করেন, ১৯৫৮ সাল থেকে ওই সম্পত্তি কলেজের দখলে। কুঞ্জ বিহারির ওয়ারিশেরা পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ওই সম্পত্তি কলেজ কর্তৃপক্ষকে দিয়েছেন। কুঞ্জ বিহারি ঘোষ ১৯৬০ সালে মারা গেছেন। ১৯৬৪ সালে ওই সম্পত্তি কী করে একজন মৌখিক পত্তন দিতে পারে, তা তার বোধগম্য হচ্ছে না। বিএম কলেজের পক্ষের আইনজীবী আবদুল কাইউম আহম্মেদ বলেন, ১৯৬৪ সালে জনৈক মাহবুবুন্নেছার নামে ভুয়া মৌখিক পত্তন করা হয়। শহরে কোনো সম্পত্তি মৌখিক পত্তনে দেওয়া যায় না।