বিএম কলেজের ৩০০ শিক্ষার্থীর ফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের স্নাতক প্রথম বর্ষের তিন বিভাগের ফল স্থগিত রয়েছে। এতে বিপাকে পড়েছেন ৩০০ শিক্ষার্থী।
কলেজ কর্তৃপক্ষ বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যার কারণে ফল স্থগিত হয়েছে। শিগগিরই ফল প্রকাশ করা হবে।
১২ অক্টোবর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু বিএম কলেজের উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ৩০০ শিক্ষার্থীর ফল স্থগিত রয়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে জানা গেছে, শিক্ষার্থীদের নন মেজর বিষয় রসায়নের ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি না হওয়ায় ফলাফলে বিপর্যয় ঘটেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় ওই বিষয়ের ব্যবহারিকের ফলাফল চেয়ে পাঠিয়েছে। কলেজ থেকে ইতিমধ্যে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম প্রথম আলোকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সমস্যার কারণে কলেজের ৩০০ শিক্ষার্থীর ফল স্থগিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন সিট চেয়ে পাঠিয়েছে। ইতিমধ্যে রসায়নের ব্যবহারিক পরীক্ষার সিট অনলাইন এবং কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। শিগগির স্থগিত হওয়া ফল প্রকাশিত হবে।