বিএমইটি কার্যালয়ে দুদকের দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইস্কাটনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্যালয়ে গতকাল বুধবার হঠাৎ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল উপস্থিত হয়। এ সময় সংবাদকর্মীদের উপস্থিতিও ছিল সেখানে। এতে বিএমইটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঔৎসুক্য দেখা দেয়। দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের ওই দলে ছিলেন পরিচালক জায়েদ হোসেন খান। দুদকের জনসংযোগ বিভাগ বলেছে, জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে হয়রানি ও দুর্নীতির বিষয়ে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের দলটি ওই বিষয়ে সত্যতা নিরূপণে যায়। দলটি ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য নেয়। পরে মোহাম্মদ মুনির চৌধুরী সাংবাদিকদের বলেন, সেবা খাতের এ প্রতিষ্ঠানটির কাছে মানুষ যাতে সেবা পায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে কথা হয়নি।