বিএমএ কে 'নির্যাতিত' চিকিৎসকদের পাশে থাকার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসকের বিরুদ্ধে এক সাংসদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ ওঠা এবং এর পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে একটি দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের তীব্র নিন্দা করেছেন একদল সাধারণ চিকিৎসক। আজ শুক্রবার তাঁরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে (বিএমএ) নির্যাতিত চিকিৎসকের পাশে থাকার অনুরোধ করেছে।

বিএমএকে লেখা চিঠিতে চিকিৎসকেরা লিখেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাংসদ লোকজন নিয়ে প্রবেশ করে চিকিৎসকের চেয়ারে বসে পড়েন। এতে করে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছিল। রোগীর গোপনীয়তার স্বার্থে চিকিৎসকের কক্ষে যে কারও যখন-তখন প্রবেশ চিকিৎসার নীতিনৈতিকতার পরিপন্থী। তাঁরা চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে আসলেই সেদিন কি ঘটেছিল তা খতিয়ে দেখতে বিএমএ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রতি অনুরোধ জানান।
পাশাপাশি চিকিৎসকেরা বাংলাদেশ প্রেস কাউন্সিলে তাঁদের ভাষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিএমএ কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

গত ২৮ জুলাই জাতীয় পার্টির সাংসদ ও যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ করেন। তিনি দাবি করেন, কর্তব্যরত চিকিৎসক তাঁর সঙ্গে ‘রূঢ়’ আচরণ করেন। অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক নূনযীরুল মোহসেনীন বলেন, রোগীদের অসুবিধা হওয়ায় তিনি সাংসদকে পরিচালকের কক্ষে বসার অনুরোধ করেছিলেন।