বিএমএ নির্বাচনে ঐক্যবদ্ধ স্বাচিপ ‘সম্পাদক’ পদ নিয়ে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন সামনে রেখে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ঐক্যবদ্ধ প্যানেল দিলেও সাধারণ সম্পাদক পদে বিভক্তি রয়েই গেছে। গত বিএমএ নির্বাচনে স্বাচিপের বিদ্রোহী পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আ ন ম মিনহাজুর রহমান এবারও একই পদে নির্বাচন করছেন। তিনি সেবার ওই পদে দ্বিতীয় হয়েছিলেন। স্বাচিপের মূলধারা পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল সেবার।জানা গেছে, সাধারণ সম্পাদক পদে স্বাচিপের মূল পরিষদের প্রার্থী মো. শরীফ। একই পদে বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসক সংগঠনের প্রার্থী আবদুল মোতালেব। তারাও জোটবদ্ধ হয়ে পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় আসছে সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতা। ওই পদে গতবারের মতো এবারও ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।গতবার সাধারণ সম্পাদক পদে স্বাচিপের নাছির উদ্দিন মাহমুদ ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। মিনহাজ পেয়েছিলেন ৫৬৯ ভোট। ড্যাবের খুরশিদ জামিল পেয়েছিলেন ৫২৫ ভোট।জানা গেছে, বিএমএ নির্বাচন সামনে রেখে এক মাস ধরে বহুধাবিভক্ত স্বাচিপকে এক ব্যানারে আনার চেষ্টা চলছিল। নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের উদ্যোগে এই ঐক্যের প্রক্রিয়া চলে।জানতে চাইলে আ ন ম মিনহাজুর রহমান বলেন, ‘সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য সব কটিতে আমরা ঐক্যের মধ্যে আছি। আমাদের ছোটখাটো কিছু পদ দিয়ে ঐক্য করার চেষ্টা হয়েছিল। সব পদ ছেড়ে শুধু জিএস পদটি চেয়েছিলাম। আমাদের যুক্তি ছিল, শরীফ ভাই এই সরকারের আমলে সুবিধাভোগী। তিনি চাকরির কারণে ঢাকায় থাকেন। কিন্তু ওনাকে পদটি দেওয়া হয়। তাই আমি একই পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’স্বাচিপের মূলধারার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শরীফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক। এ ছাড়া তিনি চট্টগ্রাম জেলা স্বাচিপের সদস্যসচিব। মূলধারার সভাপতি পদপ্রার্থী হয়েছেন স্বাচিপ মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক মুজিবুল হক। সাধারণ সম্পাদক নিয়ে স্বাচিপের দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সুযোগে সুবিধাজনক অবস্থানে রয়েছেন একই পদে ড্যাবের আবদুল মোতালেব। তবে শরীফ তা মনে করছেন না।মো. শরীফ বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে ঐক্য রয়েছে। তবে গতবারের বিদ্রোহী পরিষদের সবাই নেই, কেউ কেউ আমাদের সঙ্গে আছেন। সাধারণ সম্পাদক পদে বিদ্রোহী প্রার্থী থাকলেও তা স্বাচিপ থেকে হাতছাড়া হবে বলে আমি মনে করি না। গতবারও হাতছাড়া হয়নি।’২৯ নভেম্বর ২৩টি পদে বিএমএর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ভোটার তিন হাজার ৩১১টি। পেশাদার এই নির্বাচন নিয়ে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।