বিএমএ নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি-মহাসচিবসহ ৪১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রার্থীরা জয়ী হয়েছেন। কেন্দ্রীয় কাউন্সিলের ১৩৪টি পদের ২৭টিতে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান খান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে নির্বাচিত মাহমুদ হাসান পেয়েছেন ১৫ হাজার ৯৫৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড্যাবের এ কে এম আজিজুল হক পেয়েছেন আট হাজার ২৭৩ ভোট। মহাসচিব পদে ইকবাল আর্সলান ১৪ হাজার ৯৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড্যাবের এ জেড এম জাহিদ হোসেন পেয়েছেন আট হাজার ৮৭০ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণার আড়াই ঘণ্টা পর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ড্যাব পুনর্নির্বাচন দাবি করে। এ সময় ড্যাবের মহাসচিব জাহিদ হোসেন অভিযোগ করেন, একাধিক জেলায় স্বাচিপ বা ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ড্যাবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন এবং তাঁদের পোলিং এজেন্ট বের করে দিয়ে একতরফা ভোট দেন। ঢাকা কেন্দ্রে যত ভোট পড়েছে গণনার সময় ৩০১টি ভোট বেশি পাওয়া গেছে। পুরো নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে তিনি বলেন, অবৈধভাবে কমিটি হলে তার বিরুদ্ধে সাধারণ চিকিৎসকদের নিয়ে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে ড্যাব। সংবাদ সম্মেলনে ড্যাবের পক্ষ থেকে কিছু ছবি দেখানো হয়। তাতে দেখা যায়, উন্মুক্ত স্থানে অনেকে ব্যালট পেপারে চিহ্ন দিচ্ছেন। ২৯ নভেম্বর গভীর রাতে ভোট গণনার শেষ পর্যায়ে ড্যাব নির্বাচন প্রত্যাখ্যান করে। সংবাদ সম্মেলনে দেখানো ছবিও সাংবাদিকেরা ৩০ নভেম্বর পেয়েছিলেন। ড্যাবের অভিযোগ ও ছবির বিষয়ে জানতে চাইলে আবদুর রহমান খান বলেন, নির্বাচনের দিন অনেক চিকিৎসক চার-পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। সময়ও শেষ হয়ে আসছিল। তখন দুই পরিষদের প্রতিনিধিদের সম্মতি নিয়ে একসঙ্গে অনেক ভোটার ঢোকানো হয় এবং বুথ না করে অডিটোরিয়ামে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, তখন কিছু ভোটারের হিসাব রাখা সম্ভব হয়নি এবং ছবিগুলো হয়তো সেই সময়কার। এবার নির্বাচনে ভোটার ছিল ৩২ হাজার ৮৯২। ভোট পড়েছে ২৪ হাজার ২৭১টি বা ৭৪ শতাংশ। মাহমুদ হাসান ছাড়া স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সব সদস্য ভোট পেয়েছেন ১৪ হাজারের বেশি। আর ড্যাবের প্রার্থীরা পেয়েছেন আট হাজারের বেশি। প্রতিটি ক্ষেত্রে ভোটের পার্থক্য প্রায় ছয় হাজার। তবে স্থানীয় বিএমএর কয়েকটি শাখায় ড্যাবের প্রার্থীরা কয়েকটি পদে বিজয়ী হয়েছেন, এর মধ্যে আছে খুলনা, বগুড়া, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর। এদিকে স্বাচিপ নির্বাচনে কারচুপি বা প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেছে। গতকাল বিকেল পাঁচটায় বিএমএ ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইকবাল আর্সলান বলেন, নির্বাচনের আগ থেকেই নানা অভিযোগ করছে তারা (ড্যাব), কিন্তু কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এখন যেসব অভিযোগ করছে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে।