মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) গঠিত কমিটিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এই দাবি জানান। গত সোমবার রাতে বিএমএ স্বাস্থ্য অধিদপ্তর ও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে ওই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের মঙ্গলবার রাত আটটার মধ্যে সাক্ষ্য-প্রমাণসহ হাজির হওয়ার অনুরোধ করা হয়।
গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, বিএমএর কাছে কোনো প্রমাণ জমা দেওয়া হবে না। প্রমাণ দেওয়া হবে তদন্ত কমিটিকে। আগে তদন্ত কমিটি হোক, সেখানে আন্দোলনকারীদের প্রতিনিধি থাকুক, কমিটিতে কারা আছেন, সেটি গণমাধ্যমকে জানানো হোক, পরে প্রমাণ জমা দেবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভর্তি-ইচ্ছুক আয়াতুল্লাহ হাসনাত বলেন, ‘আমরা কোনো চক্রান্তে পা দেব না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, আমরা সুশৃঙ্খলভাবে তা চালিয়ে যেতে চাই। কেউ তদন্ত করতে চাইলে করবে। তবে সে বিষয়ে গণমাধ্যমকে অবগত করতে হবে। আমরা যাবতীয় প্রমাণ পেশ করতে প্রস্তুত আছি।’ তিনি বলেন, ‘বিএমএর তদন্তের প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই। তবে এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। কমিটিতে আমাদের প্রতিনিধি থাকবেন। কমিটির সদস্যদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে হবে।’
সংবাদ সম্মেলনে কাল শুক্রবার বিকেল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষক-অভিভাবক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশের ঘোষণা দেওয়া হয়।