বিএমএর মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মধ্যস্থতায় গতকাল সোমবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এই দাবিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি।
রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে রাত সোয়া আটটা থকে ১০টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, সদ্য অবসরে যাওয়া শিক্ষাবিষয়ক পরিচালক এ বি এম আবদুল হান্নান এবং প্রশাসন বিভাগের পরিচালক এহতেশামুল হক, পাঁচজন শিক্ষার্থী ও একজন অভিভাবক, বিএমএর সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব এম ইকবাল আর্সলানসহ বিএমএর অন্যান্য নেতারা।
বৈঠক শেষে দীন মো. নুরুল হক বৈঠকের আলোচনার বিষয়ে বিস্তারিত বলেননি। তিনি বলেন, ‘বিএমএ ডেকেছিল বলে আমরা এসেছি।’
বৈঠক সূত্র বলেছে, বিএমএ এই অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে কারা থাকছেন, তাঁদের নাম আজ মঙ্গলবার চূড়ান্ত করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের আজ রাত আটটার মধ্যে সাক্ষ্য-প্রমাণসহ হাজির হওয়ার অনুরোধ করা হয়েছে। বিএমএ বলেছে, তদন্তে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ ও স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য খতিয়ে দেখা হবে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে গতকাল গঠিত ‘গণতদন্ত’ কমিটিকেও তাদের পাওয়া তথ্য-প্রমাণ দিতে অনুরোধ করেছে বিএমএ। বিএমএ ও আন্দোলনরত শিক্ষার্থীদের পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখতে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদকে অনুরোধ করা হয়েছে। গতকালের বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র বলেছে, বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় কারচুপির সুযোগ নেই। শিক্ষার্থীরাও তাঁদের দাবির পক্ষে যুক্তি দেখান।
বৈঠক শেষে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমি বলেছি, যেকোনো অবস্থায় সত্য উদ্ঘাটন করতে হবে। এ ধরনের অভিযোগে কর্তৃপক্ষের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা প্রয়োজন।’