বিএমএর সভাপতির কাণ্ড!
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সামনেই চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়বকে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি শেখ শফিউল আজম গালাগাল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আশরাফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের একটি নবনির্মিত ভবন পরিদর্শন করার সময় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা বলেন, যুগ্ম স্বাস্থ্যসচিব আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন। দুপুর ১২টার দিকে যুগ্ম স্বাস্থ্যসচিব মেডিকেল কলেজসংলগ্ন নার্সিং ইনস্টিটিউটে একটি সভা করেন। সভা শেষে তিনি নবনির্মিত একাডেমিক ভবন পরিদর্শনে যান। এ সময় হঠাৎ স্বাচিপের নেতা শেখ শফিউল আজম এসে আবু তৈয়বকে গালাগাল করতে থাকেন এবং আবু তৈয়ব কেন ১৬ জন চিকিৎসককে কৈফিয়ত তলব করেছেন, তা জানতে চান। একইসঙ্গে তিনি সিভিল সার্জনকে হাসপাতাল এলাকা থেকে চলে যাওয়ারও নির্দেশ দেন। পরে যুগ্ম সচিবের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।ঘটনার সত্যতা স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ বলেন, ‘এটা একটা বিশ্রি ব্যাপার হয়েছে। শফি ভাই (শফিউল আজম) এসে হঠাৎ করে তৈয়ব ভাইয়ের (সিভিল সার্জন) সঙ্গে বাজে আচরণ করেন। অপমানের পরও তৈয়ব ভাই কিছুই বলেননি। এটা কোনোভাবেই উচিত হয়নি।’সিভিল সার্জন আবু তৈয়ব এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।এ প্রসঙ্গে বক্তব্য জানতে শফিউল আজমকে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।