বিএমএসসির খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) ১৬তম খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার ম্রাচানাই কার্বারিপাড়া এলাকায় আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি চাইহ্লাউ মারমা। সম্মেলনের উদ্বোধন করেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি চাইথোঅং মারমা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী।
চাইথোয়াই মারমার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক ও গবেষক চিংহ্লামং চৌধুরী, সমাজসেবক মংশি মারমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, মারমা ভাষা গবেষক অংক্যজাই মারমা, ভাইবোনছড়া মারমা যুব কল্যাণ সংসদের সহসভাপতি মংসানু মারমা, বিএমসির সদস্য অংথোয়াইচিং মারমা ও মংচিহ্লা মারমা।
বক্তারা বলেন, নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সমুন্নত রাখার জন্য সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলন জোরদার করতে শিক্ষার কোনো বিকল্প নেই।