বিএমডব্লিউর বিক্রয়োত্তর সেবা বিনা মূল্য ৫ বছর

বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মটরস নতুন আমদানি করা গাড়ির বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা দেবে। এ সুবিধার আওতায় বিনা মূল্যে পাঁচ বছর রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিভিন্ন যন্ত্রাংশের পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এক্সিকিউটিভ মটরসের ডিরেক্টর আফটার সেলস এম. বি করিম সংবাদ সম্মেলনে বিক্রয়োত্তর সেবার বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গাড়ি কেনার পর থেকে পাঁচ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটি এ সেবা দেবে। অথবা ৬০ হাজার কিলোমিটার মাইলেজ পর্যন্ত এ সেবা দেওয়া হবে। এ দুটি অবস্থার মধ্যে যেটি আগে হবে, সেটি বিবেচনা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কোনো গাড়ির প্রথম মালিক গাড়ি বিক্রি করে দিলে পরবর্তী মালিকও এ সেবা পাবেন। তবে গাড়ি কেনার সময় যে যন্ত্রাংশ থাকে, শুধু সে যন্ত্রাংশের ক্ষেত্রেই বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে। তবে এসব সুবিধা পেতে হলে গাড়ির প্রস্তুতকারকের নির্ধারিত সুপারিশগুলো মেনে চলতে হবে। রক্ষণাবেক্ষণ সেবাও একটি নির্ধারিত সময়ের পর দেওয়া হবে। এ ক্ষেত্রে বিএমডব্লিউ পরিষেবা অনুমোদিত কর্মশালার নির্দিষ্ট বিধি মানতে হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ মটরসের ডিরেক্টর আফটার সেলস এম. বি করিম বলেন, পুরোনো গাড়িকে এ সুবিধা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এটি নিয়ে আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে এক্সিকিউটিভ মটরসের জেনারেল ম্যানেজার দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল উপস্থিত ছিলেন।