বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএসের তিন ব্যাচের শিক্ষার্থীরা গতকাল শনিবার আবারও বিক্ষোভ করেছেন।
সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা জাকির হোসেন সড়কে মিছিল বের করেন। এ সময় সড়কে যানজট দেখা দেয়। মিছিল নিয়ে ঘুরে তাঁরা আবার ইউএসটিসির সামনে জড়ো হন। এ সময় সড়কের ওপর বসতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। মিছিলকারী শিক্ষার্থীরা বিএমডিসির নিবন্ধনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ইউএসটিসির শিক্ষার্থীরা তাঁদের নিবন্ধনের দাবিতে মিছিল করেছেন। একপর্যায়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী দুই শিক্ষার্থী বলেন, তাঁদের এখনো বিএমডিসির নিবন্ধন দেওয়া হয়নি। নিবন্ধন না পেলে তাঁদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে।
জানতে চাইলে ইউএসটিসির রেজিস্ট্রার বদরুল আমিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধন হবে বলে আমরা মৌখিকভাবে আশ্বাস পেয়েছি। দু-এক দিনের মধ্যে চিঠি পাব বলে আশা করছি।’
বিএমডিসির নিবন্ধনের দাবিতে গত ১১ জানুয়ারি প্রথম সড়ক অবরোধ করেছিলেন ইউএসটিসির এমবিবিএস তিনটি ব্যাচের শিক্ষার্থীরা। ২৫তম, ২৬তম ও ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএসটিসির এমবিবিএসের শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বন্ধ। হাসপাতালের সেবাদানও অনেকটা মুখ থুবড়ে পড়েছে।