
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) এমবিবিএসের তিনটি ব্যাচের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি জাকির হোসেন সড়কে কিছু দূর গিয়ে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা এ সময় প্রায় ১০ মিনিটের জন্য জাকির হোসেন সড়কের এক পাশ অবরোধ করেন। পরে পুলিশের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেন। বেলা দুইটার দিকে অবস্থান কর্মসূচি শেষ হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, তাঁদের নিবন্ধন পাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।
তাই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ইউএসটিসির শিক্ষার্থীরাও গতকালও বিক্ষোভ মিছিল করেছেন। সড়ক অবরোধ করলেও পাঁচ মিনিট পর তা তুলে নেন।