বিএলআরআইয়ে গবেষণা পর্যালোচনা কর্মশালা ও প্রযুক্তি প্রদর্শনী
ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. খান শহীদুল হক। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।প্রধান অতিথির ভাষণে উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, ‘২০২১ সাল নাগাদ দারিদ্র্যের হার ক্রমান্বয়ে ৪৫ থেকে ১৫ শতাংশে হ্রাস করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং দেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করাই আমাদের লক্ষ্য। খাদ্য বলতে শুধু ধান উৎপাদন নয়, পুষ্টির জন্য দুধ, মাংস, ডিমের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য শুধু খাদ্যে নয়, আমাদের পুষ্টিতেও স্বয়ংসম্পূর্ণ হতে হবে।’অনুষ্ঠানে জেনোমিক ডিএনএ পৃথক্করণ প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।দুই দিনব্যাপী কর্মশালায় গতকাল চারটি কারিগরি অধিবেশনে ৪৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে সচিব প্রযুক্তি প্রদর্শনীতে উপস্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।