বিএসআরএম গ্রুপের দুই কোম্পানির লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। গতকাল বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
একই স্থানে বিএসআরএমের অপর সহযোগী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
একই গ্রুপের দুটি কোম্পানির পৃথক সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলীহুসেইন আকবরআলী। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমেরআলী হুসেইনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইস্পাত খাতের প্রায় ৬৪ বছরের পুরোনো প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড গত বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তবে মূল প্রতিষ্ঠানের আগে সহযোগী প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল।
একীভূত হচ্ছে দুই কোম্পানি: বিএসআরএম স্টিলস লিমিটেডের সঙ্গে বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড একীভূত হচ্ছে। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএসআরএম স্টিলস লিমিটেডের অষ্টম বিশেষ সাধারণ সভায় একীভূত হওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলীহুসেইন আকবরআলী। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে কোম্পানি আইন, ১৯৯৪-এর ২২৮ এবং ২২৯ ধারা অনুযায়ী একীভূত হওয়ার এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় একীভূত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। একীভূত হওয়ার ফলে বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির সব সম্পদ ও দায় বিএসআরএম স্টিলস লিমিটেডের কাছে স্থানান্তর করা হবে।