বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়
রাজধানীর কারওরান বাজারে অবস্থিত বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের একাদশ তলায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। গতকাল রোববার এ কমিটি গঠন করা হয়।
১৫ নভেম্বরের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে আজ সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বিএসইসি ভবনে আগুন লাগে। ওই ভবনে এনটিভি, আরটিভি এবং আমার দেশ–এর কার্যালয় অবস্থিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত শিল্পসচিব মো. ফরহাদ উদ্দিনকে কমিটির আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে রাখা হয়েছে বিএসইসির একজন পরিচালক, রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষের (রাজউক) একজন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শামীম সারা খান কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটিকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ উদঘাটন ও এ ক্ষেত্রে দায়দায়িত্ব নিরূপণের কথা বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি। এই কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।