বাড়িতে ঝগড়া করে আত্মীয়ের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় গিয়েছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের মিরাজুল ইসলাম (২৫)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফতেপুর ক্যাম্পের সদস্যরা এই খবর পেয়ে ১৭ মে তাঁকে সেখান থেকে আটক করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবকের লাশ হস্তান্তর করা হয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে। বিজিবি কর্মকর্তারা বলেছেন, বিএসএফের ক্যাম্পে আটক করে নির্যাতন করার পর মিরাজুলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তাঁরা প্রতিবাদ জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুসুমপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোস্তফা কামাল জানান, গতকাল সকালে তাঁরা খবর পান, নদীয়া জেলার ফতেপুর বিএসএফের ক্যাম্পে মিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে তাঁরা লাশ ফেরত দেওয়ার দাবি জানান। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার সময় পতাকা বৈঠকের মাধ্যমে মিরাজুলের লাশ ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ফতেপুর কোম্পানি কমান্ডার ধরম প্রকাশ, আর বাংলাদেশের পক্ষে ছিলেন তিনি (মোস্তফা কামাল)। তিনি জানান, নির্যাতনের পর মৃত্যু হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে এ জাতীয় ঘটনা আর ঘটবে না বলে জানানো হয়। তিনি আরও জানান, মিরাজুল ইসলামের লাশ রাতেই মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার এসআই আবদুল আজিজ জানান, বিজিবি লাশ তাঁদের কাছে হস্তান্তর করেছেন। ভারতে লাশের ময়নাতদন্ত হওয়ায় তাঁরা নতুন করে ময়নাতদন্ত করছেন না। থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করবেন।