বিএসএফ ফেরত দেয়নি বাংলাদেশি রাখালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি রাখালকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আহ্বান করা পতাকা বৈঠকও প্রত্যাখ্যান করেছে বিএসএফ। আটক বাংলাদেশি রাখাল আলমগীর হোসেনকে (৩২) বিএসএফের সদস্যরা নির্যাতন চালিয়ে আহত করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ভারতের বশিরহাট মহকুমা সদরের বদরতলা হাসপাতালে চিকিৎসাধীন। সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি এলাকা থেকে গত রোববার দিবাগত রাত তিনটার দিকে আলমগীরকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি তলুইগাছা গ্রামের অজিহার রহমানের ছেলে। সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মুজিবর রহমান জানান, আলমগীরকে ফেরত চেয়ে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ভারতের তারালি বিএসএফ ক্যাম্পে একটি চিঠি দেওয়া হয়। কিন্তু তারালি বিএসএফের ইনচার্জ অরবিন্দু কুমার প্রতিকূল আবহাওয়া ও সময়ের অভাবের কথা বলে পতাকা বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। এর আগে বিজিবি ও বিএসএফের মধ্যে সোমবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু আলমগীরকে ফেরত দেয়নি বিএসএফ।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এন এম সামিউন্নবী চৌধুরী ভারতে আলমগীরের এক আত্মীয়র বরাত দিয়ে বলেন, বিএসএফের নির্যাতনে আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ। আলমগীরের বিষয়ে আজ বুধবার আবারও পতাকা বৈঠক হতে পারে।সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা, চোরাচালান, মাদক, নারী পাচার বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সকাল ১০টায় শুরু হবে এ সম্মেলন। সম্মেলনে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল জি এফ এম হামিদুর রহমান। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি রাজেশ গুপ্তা। মেজর ছামিউন্নবী চৌধুরী জানান, সম্মেলনে যোগ দিতে আজ সকাল নয়টায় ভারতের ঘোজাডাঙ্গা হয়ে বিএসএফের কর্মকর্তারা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসবেন। এ সময় বিজিবির পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানো হবে। সম্মেলন শেষে বেলা তিনটার দিকে তাঁরা দেশে ফিরে যাবেন।