বিএসএফ বাংলাদেশিকে, বিজিবি আটক করেছে ভারতীয়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত মঙ্গলবার এক ভারতীয় নাগরিককে আটক করেছে। একই দিন ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রামকৃষ্ণপুর সীমান্তে এক বাংলাদেশিকে আটক করে।
৩২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, হাবুল হোসেন (২৮) নামের এক চাষি সকাল সাড়ে সাতটার দিকে দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্তের ১৫৭-৭ (আর) নম্বর পিলারের কাছে ধানের চারা রোপণ করতে যান। এ সময় তিনি সীমানা অতিক্রম করায় বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। হাবলু হোসেন উপজেলার চল্লিশপাড়া গ্রামের রিয়াত আলীর ছেলে।
একই ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল হান্নান (৩৪) নামের এক ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে ঢোকেন। এ সময় রামকৃষ্ণপুর বিওপির সদস্যরা তাঁকে আটক করেন। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া গ্রামের আজিত মণ্ডলের ছেলে।
৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার কর্নেল মনিরুজ্জামান বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুজনকে দুই দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই বিএসএফের জলঙ্গী ক্যাম্পের সদস্যরা হাবলু হোসেনকে জলঙ্গী থানায় সোপর্দ করেন। পরে দৌলতপুর থানার পুলিশ আদালতের মাধ্যমে আবদুল হান্নানকে কারাগারে পাঠায়।