বিএসএফ-বিজিবি সীমান্ত সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলন গতকাল সোমবার শুরু হয়েছে। সিলেট নগরের একটি অভিজাত রেস্তোরাঁর সম্মেলনকক্ষে চার দিনের এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের অংশ হিসেবে ঢাকায়ও বৈঠক হবে।সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার বেলা ১১টায় সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিএসএফের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। এ সময় বিজিবির কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে বেলা সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।বিএসএফের প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি সুদেশ কুমার। অন্যদিকে বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান। বিজিবি সূত্র জানায়, সীমান্তে বিএসফের হাতে বাংলাদেশি হতাহত, আটক, মাদকদ্রব্যের চোরাচালান ইত্যাদি নিয়ে সম্মেলনে আলোচনা হবে।